জাতীয়

বৈশাখ এসেছে প্রাণহীন বৈরী পরিবেশে: সেতুমন্ত্রী

ঢাকা, ১৪ এপ্রিল – করোনার কারণে এবার বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান এবং সেই জৌলুস না থাকার বিষয়টিকে ‘প্রাণহীণ বৈশাখ’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবারকার বৈশাখ এসেছে প্রাণহীন এক বৈরী পরিবেশে, জীবনের এক নিষ্ঠুর বার্তাবরণে।’

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষে দেশের সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির উৎসবের সবচেয়ে প্রাণবন্ত দিন পয়লা বৈশাখ।’

আরও পড়ুন : বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান আর নেই

তিনি চিরচেনা পয়লা বৈশাখকে আজ চেনা যায় না বলে অভিহিত করে বলেন, ‘এই দিনের সব রূপ-রস-গন্ধ হারিয়ে গেছে। হারিয়ে গেছে হাসি আনন্দের চিরচেনা বাশির সুর।’

করোনার কারণে সার্বজনীন বৈশাখী আবেগ উচ্ছ্বাস হারিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবুও নতুন আশার মালা গেঁথে বাঙালির বেঁচে থাকার নিরন্তর লড়াই চলছে।’

অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত ও পরাজিত করতে হবে প্রাণঘাতী করোনাকে।’

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই করোনার বিরুদ্ধে, বিজয়ী হই বৈশাখীর চেতনার শত্রু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language