ইসলাম

ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে সিয়াম

মাওলানা মাসউদুল কাদির

অন্যের কষ্ট অনুধাবনের চর্চা সিয়াম। নিজে না খেয়ে থাকলেই অন্যের দরদ বোঝা যায়। রোজা মানুষকে না খাইয়ে রেখে সেই অনুভূতি দেয়। অভাবী ও অসহায় মানুষের উদরের জ্বলন বুঝতে সক্ষম হয়। মানুষ মানুষের জন্য। মানুষের প্রতি মানুষ দরদি না হলে কার জন্য হবে। কার জন্য ভালোবাসা দেখাবে। মহান আল্লাহ বলেন, ‘(বলুন) যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে (আমি রাসুল) আমার আনুগত্য করো। তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন।’ সুরা আলে ইমরান : আয়াত ৩১।

উপবাসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কী? স্বাভাবিক যে উপবাসের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। তবে ইচ্ছাকৃতভাবে যে উপবাস তা কাউকে কাউকে খুশি করার জন্য, কোনো কিছু অর্জনের জন্য সেটা করা হয়। এতে প্রেম ও ভালোবাসার একটা বিষয় নিহিত আছে। রোজার মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর ভালোবাসা অর্জন করা, তাকে সন্তুষ্ট করা।

পুরো রোজার উপবাসজুড়েই বান্দার সঙ্গে আল্লাহর এবং আল্লাহর সঙ্গে বান্দার একটা ভালোবাসার আদান-প্রদান হয়। একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠে। আল্লাহ দেখেন, দেখতে থাকেন, বান্দা নিজের সবটুকু ভালোবাসা দিয়ে তার প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করে কিছুই মুখে নেয় না। হৃদয়ের দরজায় বারবার আল্লাহর ভালোবাসার শব্দাবলি কড়া নাড়ে। ক্ষুধা, পিপাসা সবকিছু বরণ করে নেয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে নয় বরং রিপুর তাড়নাকে দমন করে আল্লাহর প্রতি নিজের প্রেমের পরিচয় প্রকাশ পায়। আল্লাহ দেখেন এবং ভালোবাসার টানে বান্দাকে আরো কাছে টেনে নেন।

আরও পড়ুন : রমজানের সাধনা ও সফলতা

সিয়াম সাধনা প্রকৃত অর্থেই একটি ভালোবাসা জাগানিয়া গল্পের নাম। আল্লাহর জন্য এই ভালোবাসায় বান্দার ঈমান পরিপূর্ণ হয়। পরিপক্বতা পায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য বারণ করে, আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য দুশমনি করে, আল্লাহর জন্য বিয়েশাদি দেয়, তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। জামে তিরমিজি।

একজন মুত্তাকি-পরহেজগার, আল্লাহভীরু বান্দা যেমন ইহজগতে অন্যের প্রকৃত বন্ধু হন, পরোপকারী হন, কিয়ামত দিবসেও সে বন্ধুই থাকবে। শত্রু হবে না। মহান আল্লাহ তায়ালাও এ বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তায়ালা কোরআন মাজিদে বলেছেন, ‘সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকিরা ছাড়া।’ সুরা যুখরুফ : আয়াত ৬৭।

রমজানে আমরা কেন রোজা রাখি? রোজায় কী উপলব্ধি হয় আমাদের? আমরা নির্ধারিত সময়ে কিন্তু খাই না। পানাহার ও স্ত্রী সহবাস আর অশ্লীলতা থেকে বেঁচে থাকি। এর কারণ কী? যে ভাই ক্ষুধায় কাটায় দিন, নিজে ক্ষুধার্ত না হলে তাতো বুঝে আসবার কথা নয়। রোজায় আমরা হতদরিদ্র মানুষের সেই ক্ষুধায় কাতর সেই উপলব্ধি লাভ করতে পারি। গরিবের প্রতি দয়াশীল হতে পারি। এটাই তো বুখারি শরিফেও বিবৃত হয়েছে সুন্দরভাবে। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসাপরায়ণ হয়ো না, পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের সঙ্গে সম্পর্ক ছেদন করো না। তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আর কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয়, সে তার (মুসলিম) ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বলা ত্যাগ করে।’ সহিহ বুখারি। তিনি এও বলেছেন, ‘রোজা হলো সহমর্মিতার মাস।’

সিয়াম সাধনায় সত্যিই এক আল্লাহর বান্দা আরেকজনের প্রতি সহমর্মী হয়ে উঠে। দয়াপ্রবণতা জাগ্রত হয়। অন্যকে ভালোবাসতে শেখায়। আল্লাহ তায়ালা আমাদের সিয়ামের সঙ্গে সঙ্গে অন্যের প্রতি স্নেহপরায়ণ ও শ্রদ্ধাশীল হওয়ার তাওফিক দিন। আমিন।

এন এইচ, ১৭ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language