দেড় মাসে করোনা সংক্রমণ বেড়েছে ১০ গুণ

ঢাকা, ১৮ এপ্রিল – গত দেড় মাসে দেশে দশগুণ করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা ভয়াবহভাবে বাড়ছে। গত দেড় মাসে এক লাখ ৬০ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন, যা এর আগের দেড় মাসে ছিল মাত্র ১৫ হাজার জন। আক্রান্তদের অধিকাংশই আইসিইউর জন্য হাসপাতালে ছোটাছুটি করছেন। আমরা আপনাদের আইসিইউতে দেখতে চাই না।
রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মহাখালীস্থ ২২২ আইসিইউসহ মোট ১ হাজার ১০০ শয্যা বিশিষ্ট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অনেক দেশই করোনা মহামারির কারণে থমকে গেছে। আমাদের পাশের দেশ ভারতও কঠিন সময় পার করছে। সেখানে এই মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার শুরু থেকেই কোভিড মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুন : একদিনের ব্যবধানে মির্জা আব্বাসের মুখে উল্টো সুর
কোরোনা মোকাবিলায় বিশ্বের অনেক দেশের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নত অনেক দেশে করোনা রোগীদের তাবুতে রাখতে হয়েছে। আমাদের এখানে সেটা এখনও করতে হয়নি। আমরা কোভিড মোকাবিলা করতে পেরেছি। তবে আমাদেরকে বুঝতে হবে কোভিড চলে যায়নি। যুব সমাজ বেশি আক্রান্ত হচ্ছে। তারা তাদের পরিবারের বয়ষ্কদের আক্রান্ত করছে। যুবকদের মৃত্যু কম হলেও বয়ষ্করা মারা যাচ্ছেন। ফলে আমি বলবো যে আপনারা অকারণে বাইরে যাবেন না।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, গত বছর যখন আমরা কোভিডের জন্য হাসপাতাল প্রস্তুত করছিলাম তখন এ সম্পর্কে আমাদের কারোরই জ্ঞান ছিলো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা মতো আমরা কাজ শুরু করেছিলাম। তখন আমরা বসুন্ধরা এবং ডিএনসিসির মার্কেটটিকে আইসোলেশন সেন্টার বানাই। ফলে আমরা অল্প দিনেই কোভিড মোকাবিলা করতে পেরেছি। প্রথম ধাপ পার করার পরে এই মার্কেটটিকে আমরা টেস্টিং সেন্টার হিসেবে ব্যবহার করতে শুরু করি। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আগের চেয়ে প্রায় ১০ গুন লোক সংক্রমিত হয়েছে। ফলে হাসপাতালে রোগীর চাপও ১০ গুন বেড়েছে। এ কারণেই আমরা আবারও এই মার্কেটিকে কোভিড হাসপাতাল করতে কাজ শুরু করি এবং মাত্র ২০ দিনের মধ্যে সেই অসাধ্য ডিএনসিসি এবং বাংলাদেশ সেনাবাহিনী সম্ভব করেছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
অভি/ ১৮ এপ্রিল









