ফরিদপুর

নিক্সনের পক্ষে-বিপক্ষে সমাবেশ, ১৪৪ ধারা

ফরিদপুর, ১৭ অক্টোবর- ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি করে উপজেলা সদরের ১ কিলোমিটার এলাকার মধ্যে সভা-সমাবেশ বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ শনিবার সকালে ১০টার দিকে পাশাপাশি দু’টি স্থানে সমাবেশের ডাক দেওয়ায় স্থানীয় প্রশাসন এ ব্যবস্থা নেয়।

সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, যে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি রোধ করতে সদরপুর উপজেলা সদরের ১ কিলোমিটার স্থান জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাউকে এই সীমানার মধ্যে সভা-সমাবেশ বা জমায়েত করতে দেওয়া হবে না।

সদরপুরের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান বলেন, সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরম মিথ্যাচার ও মামলা দায়েরের প্রতিবাদে সদরপুর স্টেডিয়ামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে শনিবার সকালে এক সমাবেশের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন:  ফরিদপুরে ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম বরখাস্ত

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদিদ গামাল লিপু জানান, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর গ্রেপ্তার ও বিচার দাবিতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক সদরপুর স্টেডিয়ামে শনিবার সকালে এক বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে প্রকাশের অনুপযোগী ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন করেন ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language